|
বাংলাদেশের আধুনিক স্থাপত্যের অন্যতম পথপ্রদর্শক স্থপতি মাজহারুল ইসলামের স্থাপত্য-ঐতিহ্যকে কেন্দ্র করে আয়োজিত প্রদর্শনী ‘Spaces of Belonging – The Architecture of Muzharul Islam’ বর্তমানে ঢাকার আগারগাঁওয়ের বাংলাদেশ জাতীয় গ্রন্থাগারে প্রদর্শিত হচ্ছে। আগামী ১৩ আগস্ট ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। |
|
আগারগাঁওয়ের বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার ভবনে প্রদর্শনীটির আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে। কারণ, এই ভবনটি মাজহারুল ইসলামের নকশা করা সর্বশেষ সরকারি ভবন হিসেবে পরিচিত। ফলে স্থপতির নিজস্ব স্থাপত্যকর্মের সঙ্গে সংযুক্ত একটি স্থানে তাঁর কাজ নিয়ে আয়োজিত এই প্রদর্শনী দর্শনার্থীদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা তৈরি করছে। এর আগে ২০২৬ সালের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে প্রদর্শনীটির উদ্বোধন করা হয়। ভ্রাম্যমাণ এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের স্থাপত্য পরিচয় নির্মাণে মাজহারুল ইসলামের গুরুত্বপূর্ণ অবদান এবং তাঁর স্বতন্ত্র স্থাপত্যভাবনার সঙ্গে নতুন করে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। |
বাংলাদেশ জাতীয় গ্রন্থাগারে ‘স্পেসেস অফ বিলংগিং’ প্রদর্শনী (ছবিসত্বঃ ডিজাইন কমিউন) |
|
সম্প্রতি প্রকাশিত একই নামের গ্রন্থ Spaces of Belonging – The Architecture of Muzharul Islam-এর সঙ্গে সংশ্লিষ্ট এই প্রদর্শনীতে রয়েছে সুইস স্থপতি, গবেষক ও সম্পাদক নিকোলাস গ্রাবার-এর তোলা বড় আকারের আলোকচিত্র। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে বিভিন্ন ভ্রমণে ধারণ করা এসব আলোকচিত্রে মুজহারুল ইসলামের নির্বাচিত স্থাপত্যকর্মের পাশাপাশি স্থাপত্য, প্রকৃতি, জলবায়ু, উপকরণ এবং স্থানীয় প্রেক্ষাপটের পারস্পরিক সম্পর্ক তুলে ধরা হয়েছে। |
|
|
|
|
|
ছবি ১ এবং ২ - Spaces of Belonging – The Architecture of Muzharul Islam শীর্ষক গ্রন্থ (ছবিসত্বঃ কোয়ার্ট পাবলিশার্স) ছবি ৩ - গ্রন্থটির সম্পাদক সুইস স্থপতি ও গবেষক নিকোলাস গ্রাবার (ছবিসত্বঃ সোশ্যাল মিডিয়া) |
|
মাজহারুল ইসলামের স্থাপত্যকে কেবল বিচ্ছিন্ন কিছু ভবন হিসেবে উপস্থাপন না করে প্রদর্শনীটি তাঁর স্থাপত্যচিন্তার অন্তর্নিহিত বৈশিষ্ট্যগুলোকে সামনে নিয়ে আসে। স্থানীয় জলবায়ু, ভূপ্রকৃতি, সমাজ ও সংস্কৃতির সঙ্গে আধুনিক স্থাপত্যের সমন্বয় ঘটানো ছিল তাঁর কাজের অন্যতম বৈশিষ্ট্য। একই সঙ্গে তাঁর স্থাপত্যে আন্তর্জাতিক আধুনিকতার প্রভাব থাকলেও তা স্থানীয় বাস্তবতা ও বাঙালির জীবনযাপনের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। ফলে তাঁর কাজ আজও স্থাননির্ভর ও জলবায়ু-সংবেদনশীল স্থাপত্যচর্চার আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে আছে। |
| বাংলাদেশ জাতীয় গ্রন্থাগারে ‘স্পেসেস অফ বিলংগিং’ প্রদর্শনী (ছবিসত্বঃ ডিজাইন কমিউন) |
|
Spaces of Belonging – The Architecture of Muzharul Islam শীর্ষক গ্রন্থটিও প্রদর্শনীতে রয়েছে, যা সম্পাদনা করেছেন নিকোলাস গ্রাবার এবং প্রকাশ করেছে কোয়ার্ট পাবলিশার্স। গ্রন্থটিতে স্থপতি মাজহারুল ইসলামের স্থাপত্যকর্মের আলোকচিত্র, মূল নকশা ও বিভিন্ন প্রবন্ধের মাধ্যমে তাঁর কাজকে ঐতিহাসিক ও সমকালীন স্থাপত্যের প্রেক্ষাপটে বিশ্লেষণ করা হয়েছে। প্রদর্শনী: ৮ থেকে ১৩ আগস্ট ২০২৬ |
| প্রতিবেদকঃ স্থপতি মুনিয়া আহমেদ মিম। |