|
UN-Habitat আয়োজিত WUF (World Urban Forum) হলো একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে নগরায়ণ, জলবায়ু পরিবর্তন, আবাসন এবং শহরের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়। ২০২৬ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত WUF-এর ১৩তম আসরে (১৭-২২মে) বিশ্বের বিভিন্ন দেশের স্থপতি, নগর পরিকল্পনাবিদ, গবেষক এবং উন্নয়নকর্মীরা অংশগ্রহণ করেন। এবারের আসরের মূল বিষয় ছিল “Housing the world: Safe and resilient cities and communities” (বিশ্বজুড়ে নিরাপদ ও সহনশীল শহর এবং কমিউনিটি গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া)। |
|
|
এ বছর WUF 2026-এ বাংলাদেশ থেকে আইএবি (IAB)-এর বেশ কয়েকজন সদস্য অংশগ্রহণ করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইএবির ভাইস প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল রিলেশনস) স্থপতি মাহফুজুল হক জগলুল এবং পরিবেশ ও নগরায়ণ বিষয়ক সম্পাদক স্থপতি ড. খুরশিদ জাবিন হোসেন তৌফিক। এছাড়াও আইএবির সাবেক ভাইস প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল রিলেশনস) স্থপতি মো. ইশতিয়াক জহির এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। |
|
বাকুতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আরবান ফোরামে (WUF) টিম আইএবি বিভিন্ন দেশের বিশিষ্ট বক্তা ও প্যানেলিস্টদের হাতে আইএবি উত্তরীয় প্রদান করার সুযোগ পায়, যা ছিল একটি গর্বের মুহূর্ত। জাপান, ইন্দোনেশিয়া, ভারতসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছে এই উত্তরীয় প্রদান ছিল ভাবনা, সংস্কৃতি ও স্থাপত্যচর্চার এক সুন্দর বিনিময়। ফোরামে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি)-এর কার্যক্রম ও সভা পরিচালনার জন্য একটি বিশেষ কক্ষ বরাদ্দ করা হয়েছিল। ওয়ার্ল্ড আরবান ফোরামে আইএবির অংশগ্রহণের ইতিহাসে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ এবং গর্বের অর্জন।
|
|
|
এ বছরের ফোরামে বাংলাদেশের অংশগ্রহণকারীদের নির্মিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক একটি প্রামাণ্যচিত্র ফোরামের সিনেমা বিভাগে প্রদর্শিত হয়। প্রদর্শনীতে দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল এবং প্রামাণ্যচিত্রটি উপস্থিত সবার কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করে। স্থপতি মঈনুল আলম (A-288), স্থপতি এ.কে.এম. সালেহ আহমেদ অনিক (AA-435) এবং স্থপতি মো. ওমর ফারুক সানিম (S-266)-এর নেতৃত্বে টিম ‘অনুষঙ্গ বাংলাদেশ’ তাদের কম খরচের আবাসন প্রকল্প উপস্থাপন করে। কমিউনিটির অংশগ্রহণ এবং সবার জন্য উপযোগী নকশা ভাবনার মাধ্যমে তৈরি এই প্রকল্পটি বাংলাদেশের সৃজনশীলতা, সামাজিক দায়বদ্ধতা এবং বিকাশমান স্থাপত্যচিন্তার একটি সুন্দর উদাহরণ হিসেবে তুলে ধরা হয়।
ওয়ার্ল্ড আরবান ফোরামে অংশগ্রহণের বিভিন্ন কার্যক্রম, অভিজ্ঞতা এবং অর্জন সবার সঙ্গে ভাগাভাগি করার জন্য অতি শীঘ্রই আইএবির নির্বাহী পরিষদ ও সদস্যদের নিয়ে একটি ব্রিফিং সেশনের আয়োজন করা হবে। |
| প্রতিবেদক: স্থপতি ফাইজা ফাইরুজ |