|
বাংলাদেশের স্থাপত্যচর্চার জন্য আন্তর্জাতিক অঙ্গনে যুক্ত হলো আরেকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত দ্য মিউজিয়াম অব মডার্ন আর্ট (MoMA) প্রবর্তিত সর্বপ্রথম ‘Ambasz–MoMA Annual Prize for Nature-Reconciled Architecture 2026’ অর্জন করেছে স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী ও তাঁর স্থাপত্য প্রতিষ্ঠান URBANA। গাইবান্ধায় অবস্থিত ‘ফ্রেন্ডশিপ সেন্টার’ প্রকল্পের জন্য এই স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। |
|
আধুনিক শিল্পের ইতিহাস, প্রদর্শনী ও গবেষণার ক্ষেত্রে The Museum of Modern Art (MoMA)-র কার্যক্রম আন্তর্জাতিক শিল্পচর্চায় দীর্ঘ সময় ধরে একটি উল্লেখযোগ্য প্রভাব তৈরি করেছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম শুধু শিল্পকর্ম সংগ্রহ ও প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ নয়। নিয়মিত প্রদর্শনী আয়োজন, গবেষণা, প্রকাশনা, চলচ্চিত্র প্রদর্শন, আলোচনা, বক্তৃতা ও শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে আধুনিক শিল্প ও নকশা সম্পর্কে জনসাধারণের ধারণা তৈরিতে ভূমিকা রাখছে। বিশেষ করে আধুনিক স্থাপত্য ও নকশার বিভিন্ন ধারা, নতুন ধারণা এবং সমসাময়িক চর্চা নিয়ে প্রতিষ্ঠানটির প্রদর্শনী ও প্রকাশনা স্থপতি, গবেষক এবং শিল্প-অনুরাগীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যসূত্র হিসেবে বিবেচিত হয়। সাম্প্রতিক সময়ে স্থাপত্য ও প্রাকৃতিক পরিবেশের পারস্পরিক সম্পর্ক নিয়েও প্রতিষ্ঠানটির গবেষণা ও আয়োজন বিস্তৃত হয়েছে। |
|
|
২০২৬ সালের প্রথম আসরে আন্তর্জাতিক পর্যায়ে প্রায় ১৪০টি প্রকল্প বিবেচনার পর বাংলাদেশের স্থপতি কাশেফ চৌধুরী ও তাঁর প্রতিষ্ঠানের (URBANA) নকশা করা ফ্রেন্ডশিপ সেন্টার-কে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। MoMA-র ঘোষণা অনুযায়ী, প্রকল্পটির ক্লায়েন্ট বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের নামে বরাদ্দ ১ লাখ ডলার আর্জেন্টিনার Fundación Gran Chaco-কে দেওয়া হবে, যা দেশটির Gran Chaco অঞ্চলে বন পুনরুদ্ধার ও বৃক্ষরোপণে ব্যবহৃত হবে। |
|
গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত ফ্রেন্ডশিপ সেন্টার মূলত বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের একটি প্রশিক্ষণ ও কার্যক্রম পরিচালনার কেন্দ্র। প্রকল্পটি ২০১১ সালে সম্পন্ন হয় এবং ২০১৬ সালে প্রকল্পটি “আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার” অর্জন করেছিল। নদীবেষ্টিত চরাঞ্চলের মানুষের সঙ্গে কাজ করা সংস্থাটির কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি এখানে রয়েছে অফিস, পাঠাগার, শ্রেণিকক্ষ, সভাকক্ষ, প্রার্থনার স্থান, আবাসন ও খাবারের ব্যবস্থা। প্রায় ৯ হাজার ২১০ বর্গমিটার জায়গার ওপর নির্মিত কেন্দ্রটির মোট নির্মিত আয়তন প্রায় ২ হাজার ৮৯৭ বর্গমিটার। প্রকল্পটির নকশায় শুরু থেকেই স্থানটির ভৌগোলিক ও পরিবেশগত বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ বিবেচনা ছিল। ব্রহ্মপুত্র-যমুনা নদীবিধৌত অঞ্চলের কাছাকাছি হওয়ায় জায়গাটি বন্যাপ্রবণ এবং মাটির ভারবহন ক্ষমতাও তুলনামূলকভাবে কম। প্রচলিত পদ্ধতিতে ভবনকে উঁচু ভিত্তির ওপর নির্মাণ না করে এখানে একটি উঁচু মাটির বাঁধ তৈরি করে বন্যার পানি থেকে স্থাপনাটিকে সুরক্ষা দেওয়ার একটি বিকল্প পদ্ধতি তৈরি করা হয়। একই সঙ্গে পানি নিষ্কাশনের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। |
|
ভবনের কক্ষগুলোর বিন্যাস, দরজা-জানালা এবং খোলা জায়গার পারস্পরিক সম্পর্ক এমনভাবে সাজানো হয়েছে, যাতে প্রাকৃতিক আলো ও বাতাসের সর্বোচ্চ ব্যবহার সম্ভব হয়। ফলে কৃত্রিম শীতাতপ নিয়ন্ত্রণের ওপর নির্ভরতা ছাড়াই ভবনটি ব্যবহার উপযোগী রাখা যায়। ছাদে সবুজ আচ্ছাদন এবং পরস্পর সংযুক্ত বৃষ্টির পানি সংরক্ষণের জলাধার প্রকল্পটির পরিবেশগত কৌশলের অংশ, যা সেইসময়ের প্রেক্ষাপটে একটি অভিনব উদ্যোগ। নির্মাণে প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে হাতে গড়া ইট। |
|
স্থপতির পরিকল্পনায় প্রাচীন মহাস্থানগড়ের বৌদ্ধ স্থাপত্যের কিছু বিন্যাসগত বৈশিষ্ট্যের প্রভাব দেখা যায়। ছবিসূত্রঃ আর্কডেইলি |
|
উক্ত সেকশনে প্রকল্পটিতে বৃষ্টির পানি নিষ্কাশন এবং সংরক্ষণের ব্যবস্থা দেখানো হয়েছে। ছবিসূত্রঃ আর্কডেইলি |
|
ফ্রেন্ডশিপ সেন্টারের নকশায় লক্ষণীয় বিষয় হলো, পরিবেশগত সমস্যাগুলোর সমাধানকে আলাদা কোনো প্রযুক্তিগত সংযোজন হিসেবে না দেখে স্থাপত্যের সামগ্রিক পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পটি প্রাকৃতিক পরিবেশ ও স্থাপত্যের সম্পর্ককে বজায় রাখতে কিছু বাস্তব এবং নতুন নকশাগত সমাধান প্রয়োগ করেছে। |
|
পরিশেষে, ফ্রেন্ডশিপ সেন্টারের এই স্বীকৃতি বাংলাদেশের স্থাপত্যচর্চাকে আন্তর্জাতিক পরিসরে নতুনভাবে আলোচনায় এনেছে। ভবিষ্যতে স্থাপত্যচর্চায় প্রকৃতি, মানুষ ও স্থাপনার পারস্পরিক সম্পর্ককে আরও গভীরভাবে বিবেচনা করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ***প্রকল্পটির সকল ছবি আর্কডেইলি পেইজ থেকে সংগ্রহীত। |
| প্রতিবেদকঃ স্থপতি মুনিয়া আহমেদ মিম। |