|
বাংলাদেশের আটটি স্থাপত্য প্রতিষ্ঠানের স্বতন্ত্র স্থাপত্য-ভাবনা নিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ প্রদর্শনী ‘প্যারালালস’। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) রাজধানীর তেজগাঁওয়ের ‘আলোকি’তে প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। প্রদর্শনীটি উদ্বোধন করেন স্থপতি ও অধ্যাপক শামসুল ওয়ারেস এবং উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। এছাড়াও, কিউরেটর স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ ও স্থপতি মোহাম্মদ ইমরান হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। |
|
|
|
|
|
প্রদর্শনীতে অংশ নেওয়া আটটি প্রতিষ্ঠান হলো জুবায়ের হাসান আর্কিটেক্টস, কাজী ফিদা আর্কিটেক্টস, ফর্ম.থ্রি আর্কিটেক্টস, গ্রুপ অব আর্কিটেক্টস অ্যান্ড থিঙ্কার্স, সাইকা ইকবাল মেঘনা ও শুভ্র শোভন চৌধুরী, কিউবইনসাইড, দেশার ওয়ার্কস এবং রুফলাইনার্স স্টুডিও অব আর্কিটেকচার। এই আটটি স্থাপত্য প্রতিষ্ঠানের স্থাপত্যযাত্রা শুরু হয় মূলত ২০০৯-২০১8 এর মাঝে। |
|
|
|
|
|
|
প্রদর্শনীতে বিভিন্ন ত্রিমাত্রিক শিল্পকর্মের মাধ্যমে স্থাপত্যের গল্পগুলো তুলে ধরা হয়েছে, যা স্থপতিদের জীবনের বাস্তব অভিজ্ঞতা এবং স্বতঃস্ফূর্ততার প্রকাশ থেকে গড়ে উঠেছে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী স্থাপত্য প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরণের ম্যাটেরিয়াল (দড়ি,মেটাল,কাঠ,বোর্ড ইত্যাদি) ব্যবহারের মাধ্যমে তাদের নিজস্ব ভাবনা, কাজের পদ্ধতি এবং কাজের ধারা তুলে ধরে এক ধরনের আত্মপ্রতিকৃতি উপস্থাপন করে। |
|
|
সাধারণত স্থাপত্য-বিষয়ক প্রদর্শনীগুলো যেমন হয়ে থাকে, ‘প্যারালালস’ তার চেয়ে একটু আলাদাভাবে আয়োজন করা হয়েছে। প্রদর্শনীটিতে মূলত স্থাপত্য বিষয়ক ইনস্টলেশন আর্টগুলো প্রাধান্য পেয়েছে। কয়েকটি স্থাপত্য প্রতিষ্ঠানে ইনস্টলেশনের একটি অংশ ছিল প্রকল্পগুলোর থ্রিডি মডেল। নীরবভাবে বলা এই গল্পগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে গড়ে ওঠা স্থাপত্যচর্চার একটি পরিবর্তনশীল সংস্কৃতির আভাস দেয়। |
|
|
|
|
|
|
|
রাজধানীর তেজগাঁওয়ের ‘আলোকি’তে শুরু হওয়া এ প্রদর্শনী চলছে ২৯ জানুয়ারি পর্যন্ত। প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত। প্রদর্শনী চলাকালে দেশের খ্যাতনামা স্থপতি, শিক্ষার্থী ও পেশাজীবীদের অংশগ্রহণে একাধিক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
|
| প্রতিবেদক: স্থপতি ফাইজা ফাইরুজ |